বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে বুনোহাতির পায়ের তলায় পিষ্ট হয়ে আব্দুল মান্নান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মান্নান বালিঝুড়ি পলাশতলা গ্রামের নাদের হোসেনের ছেলে। পুলিশ মান্নানের লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ভারতীয় বুনোহাতির পাল সীমানা অতিক্রম করে বাংলাদেশের বকশীগঞ্জ উপজেলার সাতানিপাড়ার গারো পাহাড়ে প্রবেশ করে কৃষকের খেতের ধান ও অন্যান্য ফসল খাওয়া শুরু করে। ঘটনার খবর পেয়ে অন্য কৃষকের সঙ্গে দলবদ্ধ হয়ে আব্দুল মান্নান (৫০) হাতি তাড়াতে যায়। একপর্যায়ে বুনোহাতির পাল লোকজনকে ধাওয়া করে। হাতির ধাওয়া খেয়ে পালানোর চেষ্টা করলেও পালাতে পারেনি আব্দুল মান্নান। হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মান্নান। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান, বৃহস্পতিবার রাতেই মান্নানের লাশ উদ্ধার করা হয়েছে।