ইত্তেফাক রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে রাজধানীতে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ১৪ দল। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের নিজস্ব তহবিল থেকে গত দুই দিনে মিরপুর ও তেজগাঁওয়ের বেগুনবাড়ী এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ হিসেবে প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু ও তেল। মোহাম্মদ নাসিমের পক্ষ থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এসব ত্রাণ বিতরণ করেন। পাবনা, সিরাজগঞ্জ ও কাজীপুরের বাসিন্দাদের মধ্যে যেসব রিকশা ও ভ্যান চালকসহ দরিদ্র মানুষ বেগুনবাড়ী-মিরপুর এলাকায় আছেন তাদের মাঝেও ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মিরপুর এলাকায় ৫০০ মানুষের মাঝে এবং বুধবার বেগুনবাড়ীতে ৩০০ দরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। মোহাম্মদ নাসিমের নির্দেশে মিরপুরে ত্রাণ বিতরণে নেতৃত্বে দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম।