আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকায় সংযমী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের সামনে থেকে এ চুরির ঘটনা ঘটে। এতে ৫০ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে মালিকপক্ষের দাবি। গতকাল বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম দুলাল জানান, প্রতিদিন গ্যাসের সিলিন্ডার বিভিন্ন এলাকায় সরবরাহ করে প্রতিষ্ঠানের সামনেই গাড়ি রাখা হতো। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেট্রো-ট-২০-১২২৬ নম্বরের গাড়িটি নির্ধারিত স্থানে পাওয়া যায়নি। তিনি আরো বলেন, গাড়িতে এলপি গ্যাস ভর্তি ১২ কেজি ওজনের ২৫০টি ও খালি ৩১০টি সিলিন্ডার রাখা ছিল। ট্রাক ও সিলিন্ডারের দাম ৫০ লাখ টাকা। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এই ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। দুই জন পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।