বেলা আড়াইটায় তুমুল বৃষ্টি। এর ভেতরেই এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে হাসান আলী (২৮) নামে এক সিরিয়াল ধর্ষক। বিষয়টি জানাজানি হলে সে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে বড়ো বাক্সের ভেতরে লুকায়। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। বাক্সের ভেতর থেকেই তাকে ধরে এনেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলায়। হাসানের বাড়ি উপজেলার নড়িয়াল গ্রামে। তার বাবার নাম নূর নবী।
জানা গেছে, এক সন্তানের মা ঐ নারীর স্বামী কাজ করেন সিরাজগঞ্জের ইটভাটায়। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বাড়িতে একাই ছিলেন ঐ গৃহবধূ। এই সুযোগে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে হাসান। বিষয়টি জানানো হয় ৯৯৯ নম্বরে। এরপর হাসানের এক আত্মীয়ের বাড়ির একটি বাক্সের ভেতর থেকে তাকে আটক করা হয়। এলাকাবাসী জানিয়েছেন, এর আগে গ্রামের আরো চার গৃহবধূ তার লালসার শিকার হয়েছেন। কিন্তু গ্রামের প্রভাবশালীদের ছত্রছায়ায় ঘটনাগুলো ধামাচাপা পড়েছে। হাসানের কারণে গ্রামের দুই নারীর সংসার ভেঙেছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘মামলা হয়েছে। হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’