ভোক্তা সাধারণের কথা বিবেচনা করে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের পেঁয়াজের দাম কমিয়েছে। প্রতি কেজি পেঁয়াজ ১০ টাকা কমে আগামীকাল শনিবার থেকে ২৫ টাকায় বিক্রি করা হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি টিসিবির এ সিদ্ধান্তের কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী শনিবার থেকে ২৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ দেওয়া হবে যা আগে ৩৫ টাকা দরে বিক্রি করা হতো। তিনি বলেন, রমজানে যাতে কোনো সমস্যা না হয় এজন্য প্রতিবছর যে পরিমাণ নিত্যপণ্য মজুত রাখতে হয় এবার তার দশগুণ রাখা হয়েছে। এজন্য আমরা করোনা পরিস্থিতিতেও ভালো অবস্থায় আছি।
তিনি বলেন, আগামী চার মাসেও কোনো সমস্যা হবে না। ছোলা, ডাল, তেল যথেষ্ট পরিমাণে মজুত আছে। ট্রাকে ও বিভিন্ন ডিলারের মাধ্যমে ৫০০ স্পটে এসব পণ্য সরবরাহ করছে টিসিবি। ঈদ পর্যন্ত এসব পণ্য বিক্রি করা হবে।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, দেশের বড়ো দুটি গ্রুপ মেঘনা ও সিটি প্রতি কেজি চিনিতে ৩ টাকা, ডালে ১০ টাকা ও প্রতি লিটার তেলে ৫ টাকা কমিয়েছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। আশা করি, অন্য বড়ো গ্রুপগুলোও তাদের পণ্যের দাম কমাবে।
অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজারে অভিযান পরিচালনা করছে জানিয়ে মন্ত্রী বলেন, তাদের অভিযানের ফলে কয়েক দিনের মধ্যে আদার দাম কমিয়ে আনা সম্ভব হয়েছে। গতকালও ২ হাজার ৫০০ টন আদা বন্দর থেকে বের হয়েছে। খুচরা প্রতি কেজি আদা এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে তিনি জানান।