ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে ৪৭ কোটি টাকার মত্স্য ও প্রাণিজ পণ্য বিক্রি

ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার প্রান্তিক খামারিদের ৪৭ কোটি ৩৮ লক্ষ ৯৭ হাজার ৮৩৯ টাকার মত্স্য ও প্রাণিজ পণ্য বিক্রি হয়েছে। সারাদেশে খামারিরা ভ্যান, পিকআপ, অটোরিকশা, মোটরসাইকেল, বাইসাইকেল, সিএনজি ও ট্রাক ব্যবহার করে তাদের উত্পাদিত মাছ ও প্রাণিজ পণ্য বিক্রি করছে।

করোনা পরিস্থিতিতে প্রান্তিক খামারিদের উত্পাদিত পণ্য যাতে নষ্ট না হয়ে যায় এজন্য মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে পণ্য বিক্রির এ উদ্যোগ নিয়েছে।

গতকাল ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে ২৬ লক্ষ ৩৭ হাজার ৬২২ লিটার দুধ, ১ কোটি ৯ লক্ষ ৭ হাজার ৯৩২টি ডিম, ১৪ লক্ষ ৯৬ হাজার ৬৫৩টি মুরগি ও ৩৬ হাজার ৭৭৭টি  টার্কি, হাঁস ও কবুতর এবং অন্যান্য প্রাণিজ পণ্য বিক্রি করেছে খামারিরা। এছাড়া ৩ লক্ষ ৯৫ হাজার ২৬২ কেজি রুই, কাতলা, সিলভার কার্প, মৃগেল, শিং, মাগুর, ইলিশ, তেলাপিয়া, পাঙ্গাস, সরপুঁটিসহ অন্যান্য মাছ বিক্রি করা হয়।