শিবচরে ফোন করলেই পৌঁছে যাচ্ছে খাদ্য ও ইফতারসামগ্রী

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ছয়বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনের নির্দেশনায় শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলিউল্লাহ খালাসীর নিজস্ব অর্থায়নে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ইফতারসামগ্রী। বৃহস্পতিবার সকাল থেকে তিনি অসহায়, হতদরিদ্র ও মধ্যবিত্ত ১৫০টি পরিবারের ঘরে ঘরে গিয়ে চাল, ডাল, তেল, আলু, চিনি, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ইফতারসামগ্রী পৌঁছে দেন।

দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হজরত মাতুব্বর বলেন, ‘আমাগো চেয়ারম্যান মো. অলিউল্লাহ খালাসীর মোবাইল (০১৭৯৯০৯৯৩৯১) নম্বরে কেউ ফোন করলেই তাত্ক্ষণিক তিনি তার নিজস্ব অর্থায়নে হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ইফতারসামগ্রী পৌঁছে দিচ্ছেন।’ ইউনিয়নের মধ্যবিত্ত এক পরিবার জানায়, ‘ত্রাণসামগ্রী আনতে হলে নাম-ঠিকানা দিতে হয় এবং লাইনে দাঁড়াতে হয়। আমরা লজ্জায় নাম-ঠিকানা দিতে পারি নাই বা লাইনে দাঁড়াতে পারি নাই বলে ত্রাণ আনতে পারি নাই। কিন্তু আমাগো চেয়ারম্যান তার মোবাইল নম্বর ফেসবুকসহ বিভিন্ন প্রচারমাধ্যমে দিয়ে বলেছেন, কেউ যদি নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ইফতারসামগ্রী প্রয়োজন হয় তাহলে আমার মোবাইল নম্বরে ফোন করবেন।’ দক্ষিণ বহেরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলিউল্লাহ খালাসী বলেন, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির পক্ষ থেকে আমি ত্রাণসামগ্রী ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিচ্ছি। এছাড়া প্রায় ৬৫০টি পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ইফতারসামগ্রী।