শিবচরে মোবাইলে কল করলেই ঘরে পৌঁছে যাচ্ছে খাদ্য

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনের নির্দেশনায় শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলিউল্লাহ খালাসী ঘরে ঘরে পৌঁছে দেন বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী। 

বৃহস্পতিবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি অসহায়, হতদরিদ্র ও মধ্যবিত্ত ১৫০টি পরিবারের ঘরে ঘরে গিয়ে চাল, ডাল, তৈল, আলু, চিনি, ছোলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দেন। এর আগেও তিনি ৫০০ পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী দেন। 

দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হযরত মাতব্বর বলেন, ‘চেয়ারম্যান মো. অলিউল্লাহ খালাসীর মোবাইল (০১৭৯৯০৯৯৩৯১) নম্বরে কেউ ফোন করলেই তাৎক্ষনিক তিনি তার নিজস্ব অর্থায়নে হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন।’

দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের মধ্যবিত্ত এক পরিবার বলেন, ‘ত্রাণ সামগ্রী আনতে হলে নাম ঠিকানা দিতে হয় এবং লাইনে দাড়াতে হয়। আমরা সরমে নাম ঠিকানা বা লাইনে দাঁড়াতে পারি নাই বলে ত্রাণ আনতে পারি নাই। কিন্তু আমাগো চেয়ারম্যান তার মোবাইল নম্বর ফেসবুকসহ বিভিন্ন প্রচার মাধ্যমে দিয়ে বলেছেন কেউ যদি নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রীর প্রয়োজন হয় তাহলে আমার মোবাইল নম্বরে ফোন করবেন। আপনাদের নাম, ঠিকানা গোপন রাখা হবে। এমনকি কোন ফটোশেসন করা হবে না। আমরা তার মোবাইলে ফোন দিলে তাৎক্ষনিক আমাদের বাড়িতে এসে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী দিয়ে যায়।’

দক্ষিণ বহেরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলিউল্লাহ খালাসী বলেন, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির পক্ষ থেকে আমি ত্রাণ সামগ্রী ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিচ্ছি। এছাড়াও তার নির্দেশনায় আমার নিজস্ব অর্থায়নে প্রায় ৬৫০টি পরিবারের ঘরে ঘরে পৌছিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী। শুধু মাত্র ত্রাণের জন্য একটা নির্ধারিত নম্বর চালু রাখা হয়েছে। ০১৭৯৯০৯৯৩৯১ নম্বরে যে কেউ কল করে খাবার সহায়তা চাইলে তাৎক্ষনিক আমি বা আমার ইউপি সদস্যদের মাধ্যমে বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। ২০ মে আরো ১৩৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। 

উল্লেখ্য, জাতীয় সংসদের চীফ হুইপ ও স্থানীয় ৬ বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৩ হাজার পরিবারের মাঝে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রীসহ ৫৫ হাজারের বেশি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। 

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, পেয়াজ,আলু, ছোলা, ওষুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাবার। ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে চিফ হুইপের তদারকির কৌশল হিসেবে প্রতি স্পটে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে স্থানীয় ও উপজেলা আওয়ামী লীগের নেতারা এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচ