করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সাভারের আশুলিয়ায় হতদরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে বিনা মূল্যে প্রাথমিক চিকিত্সাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজ মাঠে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিত্সাসেবা কেন্দ্রে এ সেবা দেওয়া হয়।
সাভার এরিয়া ও নবম পদাতিক ডিভিশনের উদ্যোগে বজ্রদীপ্ত তিনের ব্যবস্থাপনায় এবং ১১ ফিল্ড অ্যাম্বুলেন্সের সহযোগিতায় ক্যাপ্টেন ডা. তামীম ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম এই চিকিত্সাসেবা প্রদান করে। এই চিকিত্সা ক্যাম্প থেকে কয়েক শ মানুষকে চিকিত্সার পাশাপাশি বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ ও তাদের দেহের তাপমাত্রা পরীক্ষা করেন সেনাবাহিনীর সদস্যরা।