মুন্সীগঞ্জে পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পে শ্রমিক অসন্তোষ নিয়ে বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টার উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকে ঘটনার কারণ উদ্ঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া চলতি মে মাস পর্যন্ত করোনা দুর্যোগকালীন শ্রমিক প্রতি প্রতিদিন অতিরিক্ত ৩০০ টাকা হারেই অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। এরপর জুন মাস থেকে অতিরিক্ত এই ভাতা ১৫০ টাকা করে নির্ধারণ করা হয়েছে, যা করোনা দুর্যোগকালীন পরবর্তীতেও বহাল থাকবে। এই নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (সিআরইসি) সঙ্গে কনসট্রাকশন সুপারভিশন কোম্পানির (সিএফসি) লিখিত চুক্তি স্বাক্ষর হয়েছে। মাওয়া প্রান্তের প্রায় ৭০০ শ্রমিক ছাড়াও ওপারের সাড়ে ৭০০ শ্রমিক এই সুবিধা পাবে। এছাড়া বুধবারের ঘটনায় ৮ শ্রমিক গুলিবিদ্ধ এবং তিন ব্যাটালিয়ন গার্ড আহত হন। এই ১১ জনের চিকিত্সার ব্যয় বহন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি।
এদিকে বুধবার রাতের গার্ডরা কার অনুমতিতে গুলি করেছে এসব বিষয় উঠে আসবে এই তদন্ত কমিটির রিপোর্টে। কমিটির রিপোর্ট পেশ করার পরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তাই এখনই কোনো মামলা হবে না।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডলের সীতারামপুরে রেলওয়ে প্রজেক্টের সাইড অফিস মিলনায়তনে বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বুধবার রাতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলার মেদিনীমন্ডলে সীতারামপুরে পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পে শ্রমিকদের ক্যাম্পে গার্ডের গুলি ও আঘাতে ৮ শ্রমিকসহ ১১ জন আহত হয়। বুধবার রাতে এই ঘটনায় জখম শ্রমিকদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়। এখন সকলেই শঙ্কামুক্ত।