করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এবং প্রস্তুতি কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশকে ১৮৭ কোটি টাকা (২ কোটি ২০ লাখ ডলার) অনুদান হিসেবে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এবং সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর মাধ্যমে এই অনুদান প্রদান করা হয়েছে।
গতকাল ঢাকায় মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ বছরে বাংলাদেশকে ১০০ কোটি ডলারের বেশি অর্থ স্বাস্থ্যসহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন অনুদানের মাধ্যমে এদেশের সব মানুষের জন্য মানসম্পন্ন জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলার প্রস্তুতি ও কার্যক্রম বাস্তবায়নে যেসব ক্ষেত্রে সহায়তা দিচ্ছে সেগুলো হলো :রোগনির্ণয় ও পরীক্ষাগারের সক্ষমতা জোরদার করা; আক্রান্তের ব্যবস্থাপনা এবং সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণচর্চা উন্নতকরণ; সরবরাহব্যবস্থা ও দ্রব্যসামগ্রী ব্যবস্থাপনা পদ্ধতি উন্নত করা; জ্ঞান বাড়ানো এবং গুজব ও ভুল ধারণা দূর করতে ঝুঁকিবিষয়ক তথ্যযোগাযোগ বার্তা প্রচার জোরদার করা।
এদিকে গতকাল বৃহস্পতিবার ইউএসএআইডি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) যৌথভাবে বাংলাদেশি ডাক্তারদের জন্য কোভিড-১৯ বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করে। এই কোর্সের মাধ্যমে ডাক্তাররা কোভিড-১৯বিষয়ক দরকারি তথ্য পাবেন।