ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টিভিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উত্খাত করে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা স্বীকার করেছেন লুক ডেনম্যান (৩৪)। কয়েক দিন আগে তিনিসহ ১৩ জন লোককে গ্রেফতার করা হয়। ডেনম্যান মার্কিন স্পেশাল অপারেশন বাহিনীর একজন সাবেক সদস্য বলে জানা গেছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, রাজধানী কারাকাসের একটি বিমানবন্দরের নিয়ন্ত্রণ দখল করতে তাকে ভাড়া করা হয়েছিল, যাতে মাদুরোকে দেশের বাইরে নিয়ে যাওয়া যায়। ডেনম্যান বলেন, তিনি ও আইরান বেরি নামে আরেকজনকে ভাড়া করেছিলেন জর্ডান গোড্রো নামে এক ব্যক্তি, যিনি সাবেক মার্কিন সেনাসদস্য এবং সিলভারকর্প নামে একটি প্রতিষ্ঠানের প্রধান। প্রেসিডেন্ট মাদুরো বলেন, ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন এই অভিযানের সরাসরি প্রধান এবং ধৃত আমেরিকানদের বিচার হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। —বিবিসি