ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি সিপিবির

ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা হরণ হচ্ছে অভিযোগ এনে বিতর্কিত এই আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। করোনা ভাইরাসের মহামারির মধ্যে সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান।

সিপিবির বিবৃতিতে বলা হয়, সরকারের দায়িত্বহীনতা, সমন্বয়হীনতা, অদূরদর্শিতার কারণে জনগণ এখন চরম হুমকির মধ্যে। ব্যর্থতা আর লুটপাট ঢাকতে সরকার নিপীড়নের পথ বেছে নিয়েছে। লুটপাটের খবর মিডিয়ায় প্রকাশ করা এবং সামাজিক মাধ্যমে লুটপাটের বিরুদ্ধে লেখা ও সরকারের সমালোচনা করায়  দেশের বিভিন্ন স্থানে অনেকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ব্যর্থতা ঢাকতে রাষ্ট্রীয় নিপীড়ন চালানো হচ্ছে।

সিপিবির নেতৃদ্বয় বলেন, করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় জাতীয় সমন্বিত উদ্যোগ প্রয়োজন হলেও সরকার সেই পথে হাঁটছে না। সমালোচনা থেকে শিক্ষা গ্রহণ না করে সরকার উলটো সমালোচনাকারীদের আক্রমণ করায় করোনা মোকাবিলার কাজটিই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিপিবি নেতৃদ্বয় অবিলম্বে নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন।