ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একদিনে দুই শিশু সহ নতুন করে আরও ২০ জনের করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এনিয়ে বৃহস্পতিবার রাত ১১ টা পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬২ জনে। এদের মধ্যে মারা গেছেন আটজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
বৃহস্পতিবার রাত ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, ২ থেকে ৫৫ বছর বয়সী আক্রান্ত ব্যক্তিরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে ২ ও ৬ বছর বয়সী দুই শিশুসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, কেরানীগঞ্জের বসুন্ধরা আদদীন হাসপাতালের একজন, সাজিদা হাসপাতালের দুইজন কর্মী রয়েছেন।
তিনি জানায় সন্ধ্যা সাতটা থেকে রাত ১১ টা পর্যন্ত বিভিন্ন সময়ে আসা পরীক্ষার ফলাফলের মাধ্যমে একদিনে নতুন করে ওই ২০ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬২ জনে। এখন পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আট জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছে ডাঃ মোবারক জানান, এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এমআরএম