শরীয়তপুরে বাড়ি থেকে ডেকে কৃষককে পিটিয়ে হত্যা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বিনটিয়া গ্রামে বিল্লাল হোসেন (৪২) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী আনিছ ব্যাপারী ও তার সমর্থকরা বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টার দিকে তাকে ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে বলে এ অভিযোগ উঠে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই হাসান ব্যাপারী ৮ ব্যক্তিকে আসামী করে গোসাইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গোসাইরহাট থানা সূত্র জানায়, উপজেলার বিনটিয়া গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের সাথে পূর্ব থেকেই আনিছ ব্যাপারীর পরিবারের শত্রুতা ছিল। 

জানা যায়, বৃহস্পতিবার সকালে সরকারি ত্রাণের তালিকায় নাম ওঠানো নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনার জেরে সন্ধ্যার দিকে বিল্লাল হোসেনকে ফোন করে বাড়ির পাশের সড়কে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় বিল্লাল হোসেনের ভাই সোহেল ব্যাপারীকে পিটিয়ে আহত করা হয়।

আরও পড়ুনঃ সোয়া চার কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার

এ ঘটনায় নিহত বিল্লাল হোসেনের ভাই হাসান ব্যাপারী বাদী হয়ে শুক্রবার (৯ মে) গোসাইরহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আনিছ ব্যাপারী,নাসির ব্যাপারী,আমীন ব্যাপারী,কাদির ব্যাপারী,ফেরদৌস ব্যাপারী,শাজাহান ব্যাপারী শামছু ব্যাপারী ও গিয়াস উদ্দিন ব্যাপারীকে আসামী করা হয়েছে।

মামলার বাদী হাসান ব্যাপারী বলেন, বৃহস্পতিবার ত্রাণের তালিকায় নাম দেয়া নিয়ে বড় ভাইয়ের সাথে আনিছ ব্যাপারীর সাথে ঝগড়া হয়। ওই কাড়নে ক্ষুব্দ হয়ে তারা আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে। ভাই আমাকে ফোন করে ঘটনার কথা জানায়। সাথে সাথে দৌড়ে আমি ছুটে যাই। ততক্ষণে তারা আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে।

এ ঘটনায় গোসইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা সোহেব আলী বলেন, ত্রাণের চাল দেয়া নিয়ে ঝগড়ার জেরে এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মামলা হয়েছে। যারা ওই ঘটনার সাথে জরিত তারা এলাকা থেকে পালিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/ এমএএম