মাধবপুরে তুচ্ছ ঘটনায় যুবক খুন 

মাধবপুর পৌরসভার  গংগা নগর গ্রামের কানাই ঋষি (২১) নামক এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে পৌরসভার নোয়াগাও ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ  রামপ্রসাদ চক্রবর্তী ও ভানু ঋষি নামক ২ যুবককে খুনের অভিযোগে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করেছে ।  কানাই ঋষির পিতা ফটিক ঋষি মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন । 

আরও পড়ুনঃ কর্মহীন ও দরিদ্রদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন পূর্বে রাম প্রসাদ কানাইকে ঠাট্টা করে পাগল বলায় কানাই রেগে গিয়ে রাম প্রসাদকে থাপ্পড় মারে। এ ঘটনা পরে পারিবারিকভাবে নিষ্পত্তি করার পরও রাম প্রসাদের ক্ষোভ থেকে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় কানাই ব্রীজ এলাকায় গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা রামপ্রসাদ ও তার কয়েক সহযোগী এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় কানাই ঋষিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
এ ঘটনায় মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, ঘটনার পরপরই পুলিশ রামপ্রসাদ ও ভানু নামে দু'জনকে গ্রেফতার করে তাদেরকে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়। এছাড়া এ ঘটনায় মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/ এমএএম