ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। সকাল থেকে সবাই উত্সবমুখর ও সানন্দে ভোট দিয়েছে। নতুন ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। সবাই ইভিএম পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন। তবে কিছু কিছু সমস্যা যা হয়েছে, তা আগামী নির্বাচনে আর থাকবে না বলেই আশা করছি। আমাদের এলাকায় ভোটার বেড়েছে, কিন্তু সে অনুযায়ী কেন্দ্র কম থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হয়েছে। কিন্তু কেউ বিরক্ত হয়নি দেখে ভালো লেগেছে। গতকাল রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটদান শেষে গণমাধ্যম কর্মীদের একথা জানান তিনি।
সিটি কর্পোরেশনের নির্বাচনে আবারও প্রার্থী হবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, নির্বাচন যখন আসবে তখন দেখা যাবে। এখন যেটা চলছে সেটা নিয়েই আলোচনা হোক।
সাঈদ খোকন ঢাকা-৬ আসনের ৭ নং কেন্দ্রে ভোট দেন। যেখানে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৪২৮ জন। এদের মধ্যে নারী রয়েছেন ১৮০৪ জন ও পুরুষ ১৬২৪ জন। সকাল থেকে এরই মধ্যে ৩০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।