রাজশাহীতে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে আম-লিচু ধানের ক্ষতি

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী অঞ্চলে কালবৈশাখীর সঙ্গে হয়েছে শিলাবৃষ্টি। এতে আমের ক্ষতি হয়েছে। ছোটো ছোটো আম ঝরে পড়েছে। ক্ষতির আশঙ্কা করা হচ্ছে লিচু এবং ধানেরও। বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী ও এর আশপাশের এলাকায় এই ঝড়বৃষ্টি হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে ৫টা ২৮ মিনিটে রাজশাহীতে ঝড়বৃষ্টি শুরু হয়। শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। এই সময়ের মধ্যে ২৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড়বৃষ্টি চলাকালে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৬ কিলোমিটার।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক নজরুল ইসলাম বলেন, চলতি মৌসুমের দ্বিতীয় ভারী বৃষ্টিপাত হলো রাজশাহীতে। আগের বার শিলা না থাকলেও এবার ছিল। তবে কৃষি বিভাগ বলছে, শিলাবৃষ্টি শুধু রাজশাহী শহরের ভেতরেই হয়েছে। গ্রামাঞ্চলে বৃষ্টি হলেও শিলা পড়েনি। তবে ঝড়ো বাতাস ছিল। এতে কিছু আম ঝরে পড়তে পারে। শিলা না থাকায় ধান ঝরবে না। যদিও বাতাসের কারণে কিছু পাকা ধানের গাছ মাটিতে শুয়ে পড়তে পারে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল হক বলেন, কালবৈশাখীর পর বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়েছি। সেদিকে শিলাবৃষ্টি হয়নি। শিলাবৃষ্টি শুধু রাজশাহী শহরেই হয়েছে। তাই মাঠের ধানের তেমন ক্ষতি হবে না। কিছু পাকা ধান শুয়ে পড়তে পারে। আর কিছু আম ঝরতে পারে। আম তো প্রতি বছরই ঝরে। এভাবেই আম বেড়ে ওঠে। ক্ষয়ক্ষতি তেমন হবে না।