ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে এবং গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় শুক্রবার দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। দুই জনকেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জ-কামালপুর সড়কে বাট্টাজোড় কুলুপাড়ায় শুক্রবার সকালে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। নিহতের নাম রফিকুল ইসলাম। তিনি মোটরসাইকেল চালক ছিলেন।
বকশীগঞ্জ হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
তালা (সাতক্ষীরা) : তালায় বৃহস্পতিবার বিকালে মোটরচালিত ভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহতের নাম মো. ওয়াজকুরুনি (৩)। সে উপজেলার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে। পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।