এরশাদ আবারও ১০ জানুয়ারি সিঙ্গাপুরে যাবেন

জাতীয় পার্টির মহাসচিব ও রংপুর-১ আসনের মহাজোট প্রার্থী আলহাজ মোঃ মশিয়ার রহমান রাঙ্গা বলেন, ‘উত্সবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। নির্বাচনে মানুষ আসেন, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।’ তিনি দাবি করেন, ‘এইচ এম এরশাদ অসুস্থ হওয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেননি। না হলে জাতীয় পার্টির ফলাফল আরও ভালো হতো। অসুস্থতার কারণে আবারও ১০ জানুয়ারি তিনি সিঙ্গাপুরে চিকিত্সা নিতে যাবেন।’

রংপুর গঙ্গাচড়া সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসে জাতীয় পার্টির মহাসচিব ও রংপুর-১ আসনের মহাজোট প্রার্থী আলহাজ মোঃ মশিয়ার রহমান রাঙ্গা এসব কথা জানান।

রাঙ্গা আরও বলেন, ‘বিএনপি আর ঐক্যফ্রন্ট নির্বাচনে জয়ী হতে পারবে না বুঝতে পেরে নানা কাল্পনিক অভিযোগ করছে। এর মাধ্যমে তারা ভোট চলাকালীন যেকোনও সময় ভোট বয়কট করার ঘোষণা দিতে পারেন বলে আমার ধারণা। জনগণ উন্নয়নের পক্ষে শেখ হাসিনার নেতৃত্বে রংপুর-১ আসনে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সে কারণে তাকে বিপুল ভোটে জয়ী করবে বলে আমার বিশ্বাস।’

জাতীয় পার্টির এ নেতা বলেন, ‘রংপুরের ৫টি আসনে মহাজোটগতভাবে ছাড়া যে ৩টি আসনে উন্মুক্তভাবে আওয়ামী লীগ ও জাপা অংশ নিচ্ছে সেখানে ফল খারাপ হলে করার কিছু নেই। কারণ, আমাদের অভিভাবক আসতে পারেননি। তারপরও আমরা ভালো ফল করব বলে আমার বিশ্বাস।’