সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সখীপুরে ভাতিজাদের হাতে চাচা খুনের ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ইন্দারজানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে আসামিদের সাত দিন করে রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে—সোহরাব শিকদার, তার ছেলে সোলায়মান শিকদার ও ইব্রাহিম শিকদার।
থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আসামিরা গা ঢাকা দিতে রাজধানী ঢাকা শহরে পালিয়ে যাওয়ার পথে গোপন সংবাদ পেয়ে তাদেরকে ইন্দারজানী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা সবাই মামলার এজাহারভুক্ত আসামি। এ মামলায় ১০ জন এজাহারভুক্ত আসামি রয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গত মঙ্গলবার রাতে জমিজমা নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে ভাতিজাদের হাতে চাচা হারেজ সিকদার (৬৫) খুন হন।