একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের ৪২ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশ কোস্ট গার্ডের মোতায়েনকৃত এলাকাসমূহের মধ্যে ২০ প্লাটুন ভোলার-১ আসনের ভোলা সদর উপজেলায় রাজাপুর ও কচিয়া, ভোলা-২ আসনে দৌলতখান উপজেলার মদনপুর ও হাজীপুর, ভোলা-৩ আসনে তজুমদ্দীন উপজেলার মলংচরা ও সোনাপুর, ভোলা-৪ আসনের মনপুরা ও চরফ্যাশন উপজেলার মনপুরা, ঢালচর, চর কুকরীমুকরী, মুজিবনগর, উত্তর সাকুচিয়া এবং বরিশাল-৪ আসনের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর, জাঙ্গালীয়া, দড়িরচর খাজুরিয়া, গোবিন্দপুর, নোয়াখালী-৬ আসনের হাতিয়া উপজেলার হরণী ও চান্দনী, পটুয়াখালী-৪ আসনের রাঙ্গাবালী উপজেলার বড়বাইসদিয়া, চর মোন্তাজ এবং চালতাবুনিয়া ইউনিয়নে দায়িত্ব পালন করে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১২টি প্লাটুন কক্সবাজার-৪ আসনের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন, কক্সবাজার-২ আসনের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল, উত্তর ও দক্ষিণ ধুরুং, কৈয়ারবিল, বড়ঘোপ ও লেমসিখালী, চট্টগ্রাম-৩ আসনের সন্দ্বীপের ৫টি ইউনিয়ন এবং খুলনা বিভাগে ১০ টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছে। কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন, উপকূলীয় এলাকায় অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণের ভোটাধিকার প্রয়োগে বাংলাদেশ কোস্ট গার্ডের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হয়েছে।