লক্ষ্মীপুরের রামগতিতে নিখোঁজের দুই দিন পর মো. রিয়াজ (১৮) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে স্বজনরা। শুক্রবার (৮ মে) দুপুরে মেঘনা নদীর চরগজারিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার (৬ মে) সকালে উপজেলার চর আব্দুল্লাহ এলাকার অদূরে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে মাছধরার ট্রলার ডুবে রিয়াজ নিখোঁজ হয় । নিহত রিয়াজ উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের সুজনগ্রামের জনতা বাজার এলাকার নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয় চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের মেম্বার আকবর হোসেন জানান, গত বুধবার সকালে ওই এলাকার বেল্লাল হোসেন মাঝি ছয় জেলেসহ ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে চর আব্দুল্লাহ এলাকার অদূরে মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সাত জেলেসহ ট্রলারটি নদীতে ডুবে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে ছয় জেলে সাঁতার কেটে তীরে উঠলেও অপর জেলে রিয়াজের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। তার খোঁজে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় মাইকিং করে স্বজনরা। দুই দিন পর শুক্রবার দুপুরে স্থানীয় জেলেরা মেঘনা নদীর চরগজারিয়া এলাকায় রিয়াজের লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা গিয়ে সেখান থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান নিখোঁজ জেলের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ইত্তেফাক/ এমএএম