ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মুগদায় মাদক সেবনের জন্য টাকা না দেওয়ার জের হিসেবে মাদক সেবনকারী ভাইয়ের হাতে বড়ো ভাই খুন হয়েছেন। নিহতের নাম জীবন চন্দ্র ঘোষ। খবর পেয়ে মুগদা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের পর মুগদা থানা পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে খুনি রাজিব চন্দ্র ঘোষকে আটক করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রলয় কুমার সাহা গতকাল বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, মাদকের জন্য টাকা না দেওয়ায় জীবন চন্দ্র ঘোষকে খুন করেছে রাজিব চন্দ্র ঘোষ। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা এসআই রোহিতুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে ঝড়ের সময় মুগদা থানার মহানগর আইডিয়াল স্কুলের সামনের হোটেলের ভেতর এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। খুনের ঘটনা নিয়ে তদন্ত চলছে। তদন্তের পরেই বলা যাবে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রোহিতুল ইসলাম বলেন, রাজিব চন্দ্র ঘোষ মাদকাসক্ত। প্রতিদিন হোটেল থেকে সে মাদকের জন্য টাকা নিয়ে যেত। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে একাধিকবার ঝগড়া ও মনোমালিন্য হয়েছে।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার রাতে রাজিব তার ভাই জীবনের কাছ থেকে টাকা নিতে গেলে বাধা দেয়। এর পরেই তাকে হত্যা করে রাজিব। হত্যাকাণ্ডের পর সে বাসায় গিয়ে রক্তাক্ত কাপড় পরিবর্তন করে কৌশলে পালিয়ে গা ঢাকা দেয়। এ ঘটনায় ডিএমপির মুগদা থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বড়ো ভাই জীবন চন্দ্র ঘোষকে খুনের দায়ে ছোটো ভাই রাজিব চন্দ্র ঘোষকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।