বিশেষ প্রতিনিধি
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য সদ্য প্রয়াত হাবিবুর রহমান মোল্লার রুহের মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানার আংশিক এলাকার মসজিদে মসজিদে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমায় সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদগুলোতে নামাজ আদায় করেন মুসল্লিরা। এর মধ্যে উল্লেখযোগ্য মসজিদগুলো হচ্ছে ডেমরা থানার অন্তগত ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ডের ডেমরা-স্টাফ কোয়ার্টার,পাইটি ও সারুলিয়া-ডেমরা বায়তুল ফালাহ জামে মসজিদ, হাজীনগর মসজিদ ও ডগাইর এলাকার বায়তুল আমান জামে মসজিদ, ডগাইর বাজার জামে মসজিদ, বাঁশেরপুল জামে মসজিদ, সাততলা মিনার মসজিদসহ প্রায় ৩০টি মসজিদ। আর যাত্রাবাড়ী থানাধীন ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২-৬৩ ও ৬৪ নম্বর ওয়ার্ডের আলামিন রোড জামে মসজিদ, মাতুয়াইল কবরস্থান জামে মসজিদ, ধনিয়া জামে মসজিদ, মাতুয়াইল দরবার শরিফ মসজিদ, কাজলারপাড় মসজিদসহ প্রায় ১৮টি মসজিদ এবং সায়দাবাদ দরবার শরিফ জামে মসজিদ, যাত্রাবাড়ী চৌরাস্তা বায়তুল আমান জামে মসজিদ ও মদিনা মসজিদ, ধলপুর নারিকেলবাগান জামে মসজিদ ও সূতিখালপাড়-বিবির বাগিচাসহ প্রায় ৫৫টি মসজিদে প্রয়াত সংসদ হাবিবুর রহমান মোল্লার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া দোয়া মাহফিলে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী নিজ নিজ এলাকার মসজিদগুলোতে উপস্থিত ছিলেন।