মহারাষ্ট্রে ট্রেনে কাটা পড়ে ঘুমন্ত ১৬ শ্রমিক নিহত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘুমন্ত ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। লকডাউনের মধ্যে মধ্যপ্রদেশের এই শ্রমিকেরা হেঁটে মহারাষ্ট্রের জালনা থেকে বুসাভাল যাচ্ছিলেন; পথে ক্লান্ত হয়ে ঔরঙ্গবাদের কর্মদ এলাকার কাছে একটি রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। খবর, এনডিটিভি 

গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে তাদের ওপর দিয়ে মালবাহী ট্রেনটি চলে যায় বলে রেলওয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ভোরের দিকে রেললাইনের ওপর শ্রমিকদের দেখে চালক পণ্যবাহী ট্রেনটি থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হন। পুলিশ জানিয়েছে, শ্রমিকদের এই দলে মোট ২০ জন ছিলেন। তাদের মধ্যে ১৬ জন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন চার জন। পিটিআই জানিয়েছে, লকডাউনে আটকে পড়া শ্রমিকদের জন্য ভারতের বেশ কয়েকটি রাজ্যে ‘শ্রমিক’ নামে বিশেষ ট্রেন চালু হলেও অনেকেই হেঁটে বাড়ি ফিরছেন। ঐ দিন ভোরে বদনাপুর ও কর্মদ স্টেশনের মাঝামাঝি পার্বণী-মন্মদ সেকশনে শ্রমিকদের ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। রেল মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, ঘটনা তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।    মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।