পাঁচ দিনের মাথায় হবিগঞ্জের জেলা প্রশাসকের করোনায় আক্রান্ত নিয়ে দুই ধরনের রিপোর্ট এসেছে। গতকাল শুক্রবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ থেকে জানানো হয়েছে, জেলা প্রশাসক মো. কামরুল হাসানের নমুনা পরীক্ষা করে করোনার আলামত পাওয়া যায়নি। এর আগে গত ৩ মে আইইডিসিআরে পাঠানো রিপোর্টে তিনি করোনা আক্রান্ত বলে জানানো হয়। ঐ দিন পুনরায় পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল করোনা নেগিটিভ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তার নমুনা আবারও পাঠানো হবে।
জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ‘আমিও নেগেটিভ হওয়ার কথা শুনেছি। আরেকটি নমুনা পরীক্ষা করলেই অধিকতর নিশ্চিত হওয়া যাবে।’
সিভিল সার্জন অফিস সূত্রে প্রকাশ, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৯০ জন করোনা রোগী শনাক্তের মধ্যে চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা ও ব্যাংকারসহ ৪৮ জন রয়েছেন।