নাসিমের নির্দেশে তার ছেলের তত্ত্বাবধানে কাজিপুরে ত্রাণ বিতরণ

করোনা সংকটে কাজ না থাকা নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-১ (কাজিপুর) এ নাসিমপুত্র সাবেক এমপি তানভীর শাকিল জয় শুক্রবার এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। যমুনা নদীর দুর্গম চর তেকানি ইউনিয়নসহ সোনামুখী ও রতনকান্দি ইউনিয়নের বাহুকায় তার ব্যক্তিগত তহবিল ও সরকারি বরাদ্দ থেকে রিকশা-ভ্যান চালক, দিনমজুর, ধোপা, নাপিত, চা-দোকানিসহ নিম্ন আয়ের প্রায় ১ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে থাকা নিম্ন আয়ের মানুষের তালিকানুযায়ী প্রতিটি মহল্লায় চাল-ডাল, তেল লবণ ও একটি করে সাবান নিজে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। খাদ্যসামগ্রী বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জল ভৌমিকসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।