বন্দিদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের কারাগারগুলোতে ‘ভাইরাস জিরো’ ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে। কোরিয়া থেকে আমদানি করা এ ওষুধ ইতিমধ্যে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিটানো হয়েছে। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বলেন, বৃহস্পতিবার দেশের সব কারাগারে আইসিআরসির গাড়িতে করে ভাইরাস জিরো স্প্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। বন্দিদের সুরক্ষার জন্য এ ওষুধ ছিটানো হচ্ছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বলেন, ‘শুক্রবার (গতকাল) সকালে কারাগারের বিভিন্ন স্থানে ভাইরাস জিরো স্প্রে করা হয়েছে। আগে থেকেই কারাগারের ভেতর স্বাস্থ্যবিধি মেনে বন্দিদের রাখায় করোনার প্রভাব তেমন পড়েনি।’ কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে বিভিন্ন কারাগারে ৮টা আইসোলেশন সেন্টার করা হয়েছে।