যাত্রী তোলাকে কেন্দ্র করে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক ইজিবাইক চালকের হামলায় অপর এক ইজিবাইক চালক নিহত হয়েছে। হামলার ঘটনায় আহত ইজিবাইক চালক মো. জাকির গাজীকে (৩২) শুক্রবার বিকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির মহানগরীর বিমানবন্দর থানাধীন রামপট্টি এলাকার বাসিন্দা সোমেদ গাজীর ছেলে।
নিহতের ভাতিজা আল আমিন জানান, তার চাচা ইজিবাইক চালক জাকির প্রতি দিনের ন্যায় শুক্রবার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। পরে নথুল্লাবাদে যাত্রী তোলা নিয়ে অপর ইজিবাইক চালকের সঙ্গে ঝগড়া হয়। এ সময় জাকির হোসেনকে মারধর করে অপর চালক। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে আমার বাবা নথুল্লাবাদ গিয়ে তাকে উদ্ধার করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সে অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি এস এম জাহিদ-বিন-আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। অভিযুক্তর নাম-পরিচয় এখনো জানা যায়নি।