শেরপুর থেকে অপহূত স্কুল ছাত্র রুকুনুজ্জামানকে (১৬) ঝিনাইগাতী উপজেলার গজনী বিনোদন কেন্দ্র থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। রুকুনুজ্জামান শেরপুর সদর উপজেলার কামারিয়া ইদ্রিছিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও পৌরশহরের দিঘারপাড় মহল্লার এরশাদ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পাশের গ্রামের সাব্বির হোসেন (২৩) ও জমশেদ আলী (২৫) কৌশলে রুকুনুজ্জামানকে অপহরণ করে। পরে তাকে ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ দিনোদন কেন্দ্রে এনে তাকে দিয়ে তার বাবার কাছে মোবাইলে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরশাদ আলী মুক্তিপণ দিতে অস্বীকার করলে অপহরণকারীরা চাকু দিয়ে রুকুনুজ্জামানকে হত্যার চেষ্টা করে। এ সময় রুকুনুজ্জামানের ডাক-চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা সটকে পড়ে। স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেফতার করে এবং আহত রুকুনুজ্জামানকে প্রথমে ঝিনাইগাতী ও পরে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। সে চিকিত্সাধীন রয়েছে। এ ব্যাপারে রুকুনুজ্জামানের পিতা এরশাদ আলী বাদী হয়ে সাব্বির ও জমশেদ আলীকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শুক্রবার বিকালে সাব্বিরকে আদালতে সোপর্দ করা হয়েছে। জমশেদ আলীকে গ্রেফতারে পুলিশি তত্পরতা চলছে।