দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার একাদশ মৃত্যুবার্ষিকী আজ। জাতির পিতা বঙ্গবন্ধুর জামাতা এ কর্মবীর বিজ্ঞানী ২০০৯ সালের ৯ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
প্রতিবছর দিবসটি পালনে তার জন্মস্থান রংপুরের পীরগঞ্জে নানা কর্মসূচি পালন করা হলেও এবার করোনা পরিস্থিতি বিবেচনায় সব আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে তার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করা হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পীরগঞ্জে বিভিন্ন এতিমখানায় ইফতারসামগ্রী প্রদান করা হবে।
১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জের ফতেপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নিয়েছিলেন এই বিজ্ঞানী। মরহুম আবদুল কাদের মিয়া ও মরহুমা ময়জুন নেছা বিবির সন্তান ওয়াজেদ মিয়াকে সবাই ‘সুধা মিয়া’ নামেই চিনতেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানের স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন। ১৯৬৭ সালে যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে পিএইচডি ডিগ্রি অর্জন করেন মেধাবী ছাত্র ওয়াজেদ মিয়া।