বাংলাদেশে আটকা পড়া নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে ভারত

নতুন করোনা ভাইরাসের কারণে বিমান চলাচলে বিধি-নিষেধ থাকায় বাংলাদেশে আটকা পড়া নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে ভারত। প্রথম দফায় প্রায় ১৭০ শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীনগরের উদ্দেশে এয়ার ইন্ডিয়ার ঐ বিশেষ ফ্লাইটটি ছেড়ে যায়।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিভিন্ন দেশে আটকা পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে ‘বন্দে ভারত মিশন’ পরিচালিত হচ্ছে। গতকাল শুক্রবার থেকে বাংলাদেশে প্রথম দফার কার্যক্রম শুরু হয়েছে। আগামীতে এয়ার ইন্ডিয়ার আরো ছয়টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে নেওয়া হবে। বিশেষ ফ্লাইটে ভারতীয়রা আগামী ১২ এবং ১৩ মে শ্রীনগরে, ৯ এবং ১১ মে দিল্লিতে, ১০ মে মুম্বাইয়ে এবং ১৪ মে চেন্নাইয়ে ফিরবেন।

শ্রীনগরের উদ্দেশে ছেড়ে যাওয়া প্রথম ফ্লাইটে ঢাকার বিভিন্ন মেডিক্যাল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের বহন করা হয়েছে। ভারতীয়রা বাংলাদেশ ছাড়ার সময় বিমানবন্দরে উপস্থিত হয়ে তাদের সঙ্গে কথা বলেন হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। ভারতে পৌঁছে যাওয়ার পর যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন হাইকমিশনার।