করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাধারণ ছুটি চলছে। এই ছুটিকালীন সময়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জরুরি ফাইলগুলো ই-নথিতে পরিচালনা বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইসির সহকারী সচিব নুর নাহার ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগের পরিপ্রেক্ষিতে সরকার ঘোষিত ছুটিকালীন সময়ে জরুরি প্রয়োজনে অফিসের কাজকর্ম পরিচালনার সুবিধার্থে ই-নথি ব্যবহার আবশ্যক হয়ে পড়েছে। এছাড়া ইসি সচিবালয়ের সব কর্মকর্তাদের ইতিপূর্বে ই-নথিবিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, কাজের সুবিধার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৭ মে হতে ইসি সচিবালয়ের কর্মকর্তাগণকে বাধ্যতামূলকভাবে ই-নথি ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করা হলো। এর ব্যতয় হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ইসি সচিবালয়ে বর্তমানে জরুরি ফাইলগুলো পিয়নের মাধ্যমে সচিবের বাসায় প্রেরণ করা হয়। ফাইলের মাধ্যমে ভাইরাসে আক্রান্তের শঙ্কা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।