নলছিটিতে যত্রতত্র গাড়ি পার্কিং যানজটে অতিষ্ঠ জনগণ

নলছিটি পৌরসভার বাসস্ট্যান্ড চত্বর (মুক্তিযোদ্ধা ভাস্কর) থেকে প্রতিদিন শতশত যানবাহন বিভিন্ন রুটে চলাচল করে। কিন্তু যত্রতত্র গাড়ি পার্কিং করায় চলাচলকারী গাড়ির যানজটে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।

জানা যায়, নলছিটি উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন নলছিটি পৌরসভা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা বিআরডিবিসহ বিভিন্ন সরকারি দপ্তর বিদ্যমান। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে অফিসের লোকজন অতিষ্ঠ। এ স্ট্যান্ডের পূর্ব-দক্ষিণ অংশে বিআরডিবি অফিস সংলগ্ন ময়লা-আবর্জনার স্তূপ রয়েছে। সেখানে প্রতিদিন পৌর এলাকার ময়লা-আবর্জনা ফেলা হয়। স্থানীয় লোকজনের দীর্ঘদিনের দাবি ময়লা ফেলার স্থান পরিবর্তন এবং বাসস্ট্যান্ড অন্যত্র সরিয়ে নেওয়ার।

এ বিষয়ে নলছিটি পৌরসভার মেয়র মো. তছলিম উদ্দিন চৌধুরী জানান, তিনি নলছিটি বাসস্ট্যান্ড মোড়ে মনোরম পরিবেশের ভাস্কর তৈরির উদ্যোগ নিয়েছেন। গাড়ি পার্কিং বন্ধ করা হবে।

উপজেলা বিআরডিবি চেয়ারম্যান লাভলী আক্তার জানান, তার অফিসের সামনে আলফা গাড়ির স্ট্যান্ড করা হয়েছে। অফিসের স্টাফরা সহজে ঢুকতে পারেন না। আবার পাশেই ময়লা-আর্বজনার স্তূপ। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে নজর দেওয়ার অনুরোধ জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম জুপিটার জানান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রায়ই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তবে ট্রাফিক পুলিশ সক্রিয় হলে নলছিটির মুক্তিযোদ্ধা ভাস্কর চত্বর যানজট মুক্ত করা সম্ভব।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন জানান, ফাঁড়ির পুলিশ সক্রিয় রয়েছে। তারপরও মাঝে মধ্যে যানজট হতে পারে।