রাজশাহীর তানোরে মোটরসাইকেলের ধাক্কায় তাজেমুল ইসলাম (৩৮) নামে একজন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা দিকে তানোর পৌর এলাকার আমশো মেডিকেল মোড় সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজেমুল উপজেলার মুণ্ডুমালা আইড়্যারমোড় এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমশো গ্রামের রাকিবুর রহমানের জমি থেকে ধান কেটে মাথায় নিয়ে শ্রমিকরা ফিরছিলেন। এসময় উপজেলার সিধাইড় গ্রামের আব্দুল হান্নানের পুত্র নাহিদ হাসান দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় তাজেমুল ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন ও অন্য শ্রমিকরা আহত অবস্থায় তাজেমুলকে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করে। রামেকে নেওয়ার পথে রাস্তায় ওই শ্রমিকের মৃত্যু হয়।
ঘটনাস্থালের এলাকাবাসী ও ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় সালাম মাইক্রো ড্রাইভারের গাড়ি করে গুরুতর আহত অবস্থায় শ্রমিককে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে মারা গেলে লাশ রাতেই তার বাড়ি মুণ্ডুমালা প্রেরণ করা হয়। কিন্তু ওই এলাকার লোকজন মাইক্রোচালককে আটক রাখেছে। এ নিয়ে থানায় কথা বলেছি লাশ তানোর থানায় আনা হচ্ছে।
এ নিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইত্তেফাক/এমআরএম