‘আমাদের শুদ্ধ হওয়ার প্রার্থনা নিয়ে ভিডিওটি নির্মাণ করেছি’

লেখক, নাট্যকার ও সাংবাদিক রেজানুর রহমান। সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ। নাটক পরিচালনার পাশাপাশি মাঝে মধ্যে অভিনয়ও করে থাকেন। শিগগিরই আবারও তিনি অভিনয়ের মধ্য দিয়ে সামনে আসবেন। তবে কোনো নাটক নয়, হোম কোয়ারেন্টাইনের এই সময়ে ঘরে বসে তিনি একটি ভিডিও নির্মাণ করেছেন। যেখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গ ও বর্তমান সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

সম্প্রতি সমসাময়িক বিষয় নিয়ে আপনি একটি ফিকশন নির্মাণ করেছেন। শুরুতে এই প্রসঙ্গে জানতে চাই—

আমি ৭ মিনিটের একটি ভিডিও নির্মাণ করেছি। যেটি ভিডিও করেছে আমার মেয়ে। সেখানে বয়স্ক ও যুবক দুটি চরিত্র রয়েছে। দুটি চরিত্রই আমি করেছি। মূলত এখানে সমাজ ও প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতা উঠে এসেছে। প্রশ্ন ও উত্তরের মতো করে ভিডিও নির্মাণ করা। করোনার এই সময়টা আমাদের কী শিক্ষা দিলো। সেই বিষয়গুলো থাকছে। এই সময় পার করলে আমরা কী শুদ্ধ হয়ে যাবো! পাশাপাশি আমাদের ভ্রাতৃত্ববোধের বিষয় থাকছে। এই প্রসঙ্গগুলো নিয়ে আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার কথা বলা হয়েছে। মূলত আমাদের শুদ্ধ হওয়ার প্রার্থনা নিয়ে ভিডিওটি নির্মাণ। এটি ইউটিউবে প্রকাশ করা হবে।

এবার ঈদের নাটকের অবস্থা আগের মতো না। চ্যানেলগুলোতে এবারের ঈদটা কেমন হবে মনে করেন?

অবশ্যই ভিন্ন। যেহেতু কোনো কাজ নেই সেহেতু পুরোনো নাটক প্রচার হবে। এছাড়া অনেক নাটক আগে থেকে ঈদের জন্য নির্মাণ করা ছিল। সেগুলো প্রচার হবে।

 

এই সময়ে আমাদের শিল্পীদের সঙ্কট নিয়ে কী বলবেন?

শিল্পীরা ভালো নেই। হাতেগোনা ক’জন হয়তো শিল্পী আছে যাদের অনেক টাকা। এছাড়া বেশিরভাগ দিন আনে দিন খায় অবস্থা। আমাদের বিভিন্ন সংগঠন থেকে চেষ্টা করা হচ্ছে। এছাড়া আমি মনে করি সরকারের উচিত মিডিয়ার সবার জন্য একটু ভাবা। কারণ মিডিয়াকর্মীরাও কিন্তু মানুষের জন্য করা করে।