চিকিত্সার জন্য আর্থিক সাহায্য কামনা কলেজ ছাত্রী রাজিয়ার

হোমনা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্রী রাজিয়া আক্তারের চিকিত্সার জন্য দেশের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন রাজিয়া।

উপজেলার শ্যামপুর গ্রামের রাজিয়ার নানা মোঃ ছিদ্দিকুর রহমান জানান, রাজিয়ার বয়স যখন সাত বছর তখন তার বাবা বিদেশ যাওয়ার কথা বলে তার মা জুলেখা বেগমকে আমার বাড়িতে দিয়ে যায়। এরপর তিন/চার বছর তার বাবার কোনো খবর ছিল না। পরে জানা যায়, রাজিয়ার বাবা অন্যত্র গোপনে বিয়ে করে নতুন করে সংসার করছে। পরে কোনো উপায় না দেখে রাজিয়াকে আমার কাছে রেখে রাজিয়ার মাকে অন্যত্র বিয়ে দিয়ে দেই। এর কিছুদিন পর ভুলবশত রাজিয়া বাড়িতে কারেন্টের তারে হাত দিলে তার হাতটি ক্ষতিগ্রস্ত হয়। এক পর্যায়ে ডান হাতটি একেবারে গোড়ালি থেকে কেটে ফেলতে হয়েছে। সেই থেকে রাজিয়া বাম হাতে লিখে পিইসি ও এসএসসি পাস করে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। রাজিয়া জানায়, সম্প্রতি সে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিত্সার জন্য গেলে সেখানকার চিকিত্সকরা জানিয়েছেন, সাড়ে তিন লাখ টাকা হলে তার একটি কৃত্রিম হাত লাগানো সম্ভব। কিন্তু তার নানা আর্থিকভাবে অসচ্ছল। তাই একটি কৃত্রিম হাত লাগাতে সরকারি, বেসরকারী সংস্থাসহ দেশের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা—সঞ্চয়ী হিসাব নং ১০২১৭ অগ্রণী ব্যাংক, হোমনা শাখা। অথবা যোগাযোগ করতে পারেন তার শিক্ষক হোমনা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মোঃ তৈহিদু্জ্জামান মিয়ার সাথে ০১৫৫৮৬১৮৬৬৮ নাম্বারে এবং রাজিয়ার নানা ছিদ্দিকুর রহমানের ০১৮১৪৮৩৩৬২১ নাম্বারে।