ঈদের আগে গোপালগঞ্জে মার্কেট খুলছে না

করোনা ভাইরাস উদ্বেগজনক হারে বিস্তারের কারণে গোপালগঞ্জ শহরের সব বিপণী বিতান ও মার্কেট ঈদের আগে খোলা হচ্ছে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। 

শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোপালগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে জেলা প্রশাসনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ব্যবসায়ীরা অনলাইনে কেনাবেচা করতে পারবেন বলে এ সভা থেকে জানানো হয়।

এছাড়া শেখ কামাল স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে হকাররা বেচাকেনা করতে পারবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

এ সভায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, চেম্বার অব কমার্সের সভাপতি কাজী জিন্নাত আলী লেকু, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেনসহ  বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ১০ মে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে দেশের সব মার্কেট খোলা রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি গোপালগঞ্জের মার্কেট খুলে প্রতিপালন করা সম্ভব নয় বলে সভায় ব্যবসায়ীরা মত দিয়েছেন। তাই মার্কেটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ