টেস্টে ফিরবে মুস্তাফিজ ওটিস গিবসন

স্পোর্টস রিপোর্টার

গত বছর আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টের আগে বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, টেস্ট দলের পেস আক্রমণে তার চিন্তায় নেই মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারকে হোয়াইট বলের বোলার মনে করেন তিনি। বোলিংয়ে উন্নতি না আসলে টেস্টে ফেরা হচ্ছে না মুস্তাফিজের। কোচের মনোভাবের প্রমাণ মিলে পরের কয়েকটি টেস্টে। ভারত সফরে সাইডবেঞ্চে ছিলেন মুস্তাফিজ। লাল বলে সুযোগ পাননি পাকিস্তান সফরেও।

যদিও বাংলাদেশের বর্তমান পেস বোলিং কোচ ওটিস গিবসনের বিশ্বাস, টেস্ট ক্রিকেটে ফিরবেন মুস্তাফিজ। বোলিংয়ে আরো বৈচিত্র্য যোগ করলেই তা সম্ভব হবে। ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিংয়ে সুইং করানো, বল ভেতরে আনার কৌশল নিয়ে এই পেসারের সঙ্গে কাজ করছেন গিবসন।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাত্কারে সাদা পোশাকে মুস্তাফিজের ফেরা বিষয়ে এই ক্যারিবিয়ান কোচ বলেছেন, ‘আমি মনে করি, ফিজের এখনো বোলিংয়ের গভীরতা রয়েছে এবং সে এখনো টেস্ট ক্রিকেটে খেলতে পারবে। সে যখন খেলা শুরু করল তখন সাদা বলে অনেক ম্যাচ খেলেছে। সে কিছু টেস্ট ম্যাচ খেলেছে তবে সাদা বলের তুলনায় কম। এক্ষেত্রে বোলিংয়ে অনেক ভ্যারিয়েশন দরকার যেটা কী-না টেস্ট বোলিং স্কিলে প্রভাব ফেলবে। কারণ টেস্ট এবং ওয়ানডেতে মাইন্ডসেট ভিন্ন হয়। এই কারণে ওকে দুই ধরনের মাইন্ডসেট তৈরি করতে হবে।’ 

করোনার বিরতির কারণে মুস্তাফিজের সঙ্গে স্কিল নিয়ে গিবসনের কাজে বিরতি পড়েছে। গিবসন বলেন, ‘আমি তার সঙ্গে কাজ করেছি কিছুটা সময় এবং ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে কিছুটা সুইং করাতে পেরেছি ওকে দিয়ে। বিরতিটা খারাপ সময়ে এসেছে কারণ সে যেটা চেষ্টা করছিল ওটা আয়ত্তে চলে এসেছিল এবং সে বল সুইং করাতে পারছিল কিছুটা।’

টেস্টে লাইন-লেন্থ ঠিক রাখার পাশাপাশি বল সুইং করানোর ব্যাপারেও গুরুত্ব দিতে মুস্তাফিজকে পরামর্শ দিয়েছেন গিবসন। সাবেক এই ক্যারিবিয়ান পেসার বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে আপনাকে লাইন-লেন্থ ছাড়াও প্রতিটি ওভারের প্রতি ফোকাস দিতে হবে। অপরদিকে সাদা বলের ক্রিকেট অনিশ্চিত এবং আপনাকে সকল ধরনের স্কিল ও ভ্যারিয়েশন ব্যবহার করতে হবে। এই কারণে দুই ফরম্যাটের স্কিল অনেকটা ভিন্ন। টেস্ট ক্রিকেটে আপনার দ্রুতগতিতে বোলিং না করলেও চলবে কিন্তু আপনাকে নির্ভুল হতে হবে। একই সঙ্গে বল সুইং করাতে হবে, সেটা বাতাসে কিংবা উইকেটে যেকোনো জায়গায়।’

ওয়ানডেতে সফল হলেও টেস্টে বড়ো সাফল্য পাননি মুস্তাফিজ। বল হাতেও এই ফরম্যাটে নিয়মিত নন ২৪ বছর বয়সি এই পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট পেয়ে শুরু করলেও লাল বলের ক্রিকেটে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ২৮ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। অন্যদিকে ৫৮টি ওয়ানডেতে ১০৯ উইকেটের মালিক তিনি। এছাড়া দেশের হয়ে ৪১ টি-২০ তে ৫৮ উইকেট পেয়েছেন তিনি।