করোনা যুদ্ধে প্রশাসনের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে ------------এমপি নিক্সন চৌধুরী

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা যুদ্ধে প্রশাসনের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় তাদের নিয়ন্ত্রণাধীন সকল কর্মকর্তা ও কর্মচারী দিনরাত যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন তা স্বাধীনতা যুদ্ধের সমতুল্য। ধৈর্য না হারিয়ে সচেতনতার সঙ্গে করোনা মোকাবিলা করতে হবে। মনে রাখতে হবে, এই যুদ্ধে আমরা সকলেই এক পরিবার।

শনিবার সকালে ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত মুক্তিযোদ্ধাদের ত্রাণসামগ্রী বিতরণকালে এমপি নিক্সন চৌধুরী এসব কথা বলেন।

তিনি এসময় সাহসিকতার জন্য পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ত্রাণ বিতরণকালে ছিলেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম হাবিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর রহমান, আলগী ইউপির সাবেক চেয়ারম্যান ম. ম. ছিদ্দিক মিয়া প্রমুখ।