আজ থেকে বরিশালে মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত

বরিশাল অফিস

বরিশালে স্বাস্থ্যবিধি মেনে আজ রবিবার থেকে মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল চকবাজার দোকান মালিক সমিতি। তবে কেউ চাইলে স্বেচ্ছায় দোকান বন্ধও রাখতে চাইলে রাখতে পারবেন।

চকবাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ তোবারক হোসেন জানান, রবিবার থেকে বরিশালে চকবাজারের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ব্যাপারে মালিক সমিতি সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে কোনো মালিক দোকান বন্ধ রাখতে চাইলে তাতেও কোনো বাধা নেই। আবার কেউ খোলা রাখতে চাইলে তাকে সরকারি নির্দেশনা মেনে নিতে হবে।

করোনা ভাইরাস প্রতিরোধ জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, দোকান কেউ খুলতে না চাইলে সেটা তার নিজস্ব এখতিয়ার। তবে খোলা রাখলে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। তা না হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, এ বিষয়ে দোকান মালিকদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করা হয়েছে। সরকারি নির্দেশনা ও সিদ্ধান্ত মেনে দোকান খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কেউ অমান্য করলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

উল্লেখ্য, চকবাজার, কাটপট্টি, লাইন রোড, হেমায়েত উদ্দিন রোড ও পদ্মাবতী এলাকায় মালিক সমিতির পাঁচ শতাধিক দোকান রয়েছে এবং এটি বরিশালের শপিংয়ের কেন্দ্রস্থল।