চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে টিসিবির পণ্য কিনতে প্রতিনিয়ত শত শত মানুষের ভিড় লেগেই আছে। সকাল থেকে বিকাল পর্যন্ত শিশুসহ নারী-পুরুষের লম্বা লাইন। সামাজিক দূরত্ব মানছে না কেউ।
শনিবার সকালে চাটমোহর পৌর শহরের বালুচর খেলার মাঠে গিয়ে দেখা যায়, সহস্রাধিক নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। একটি ট্রাকের ওপর থেকে টিসিবির ডিলার পণ্য বিক্রি করছেন। দীর্ঘ লাইনে কোনো রকম দূরত্ব নেই। শরীরের সঙ্গে শরীর লাগালাগি করে দাঁড়িয়ে সবাই।
সামাজিক দূরত্ব না মেনে পণ্য ক্রেতা সকাল থেকেই একত্রিত হচ্ছেন। অধিকাংশ মানুষের মুখে কোনো মাস্ক নেই। সামাজিক দূরত্ব মানার জন্য উপজেলা প্রশাসন বারবার প্রচার চালালেও তা যেন কেউই মানছেন না। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েই চলেছে।