বগুড়ায় শিক্ষার্থীদের ভাড়া মওকুফ করলেন মেস মালিক

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহরের চকসূত্রাপুর জুবিলি স্কুল লেনের মেস মালিক আশরাফ আলী করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ৬৮ শিক্ষার্থীর ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার তিনি মুঠোফোনে শিক্ষার্থীদের এ কথা জানিয়ে দিয়েছেন। এসএ ভিলা নামের ওই ছাত্রাবাসে ৬৮ জন শিক্ষার্থী থাকেন। তারা সরকারি আজিজুল হক কলেজে পড়াশোনা করেন। মার্চ মাস থেকে তাদের মেসে ভাড়া দেওয়া লাগবে না।

চকসূত্রাপুরের বাসিন্দা মেস মালিক আশরাফ আলী বলেন, সাত বছর ধরে তিনি ছাত্রাবাস চালাচ্ছেন। মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা ভাড়া পান। কিন্তু করোনা সংকটের কারণে শিক্ষার্থীরা মেসে নেই। অনেকেই টিউশনি করে মেসভাড়া ও পড়াশোনার খরচ জোগাতেন। এই সংকটে অভিভাবকেরাও কষ্টে রয়েছেন। মেসভাড়া চাইলে শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করা হবে। করোনা সংকট দূর না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের মেসভাড়া দিতে হবে না বলে জানিয়ে দিয়েছি।