জেলেদের জন্য বরাদ্দ চাল কম দেওয়ার অভিযোগ
শরীয়তপুর প্রতিনিধি
ভেদরগঞ্জ উপজেলার আর্শিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুদ্দোহা রতন ও সচিব জাহাঙ্গীর আলমকে ভিজিএফের ৩৫ বস্তা চালসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ ভবন থেকে তাদের আটক করা হয়। জেলেদের জন্য বরাদ্দকৃত চাল কম দেওয়ার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আল নাসিফ এ তথ্য জানান। সামছুদ্দোহা রতন সখিপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ইলিশ শিকারের সঙ্গে যুক্ত জেলেদের খাদ্যসহায়তা হিসেবে ভিজিএফের চাল দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তালিকাভুক্ত প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল বছরে চার দফা দেওয়া হয়। এপ্রিল মাসের চাল ভেদরগঞ্জের আর্শিনগর ইউনিয়নে ৫৮৪ জন জেলের মধ্যে বিতরণ করা হচ্ছিল গতকাল। সকালে বিতরণ করার অনিয়মে খবর পেয়ে ইউনিয়ন পরিষদে যান ইউএনও তানভির আল নাসিফ। তখন তিনি ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের সতর্ক করেন। দুপুরে আবার অভিযোগ পান প্রত্যেক জেলেকে ছয়/সাত কেজি করে চাল কম দেওয়া হচ্ছে। তখন তিনি সখিপুর থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এরমধ্যে ৩২৪ জেলের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বাকি ২৬০ জেলের চাল আলাদা করে অন্য চাল পরিমাপ করা হয়। তখন ৩৫ বস্তা চাল অতিরিক্ত পাওয়া যায়। উপস্থিত জেলেরাও চাল কম দেওয়ার অভিযোগ করেন। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’