সাংবাদিকদের জন্য আর্থিক প্রণোদনাসহ নির্দিষ্ট চিকিত্সা কেন্দ্র স্থাপন করুন ---------------নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি কর্মরত সাংবাদিকদের আরো উত্সাহ-উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আর্থিক প্রণোদনা প্রদান ও তাদের জন্য নির্দিষ্ট চিকিত্সা কেন্দ্র স্থাপন করার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, এখনই সরকারের সংশ্লিষ্ট মহল ও মিডিয়ার মালিকদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। 

মোহাম্মদ নাসিম বলেন, করোনা যুদ্ধে ফ্রন্টফাইটার আজকের সাংবাদিক বন্ধুরা। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন শহর ও মফস্বল অঞ্চলে দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংক্রান্ত বিভিন্ন খবর,  সরকারি ব্যবস্থাপনা, ত্রাণ তত্পরতাসহ চিকিত্সা সংক্রান্ত সব সুবিধা-অসুবিধার সংবাদ মাঠে থেকে সংগ্রহ করছে। এরই মধ্যে কয়েক জন সাংবাদিক মৃত্যুবরণ করেছে এবং অনেকে করোনায় আক্রান্ত হয়েছে। যদিও ঝুঁকি নিয়ে কাজ করা সাংবাদিকদের পেশা, তবুও দুঃখজনক আজ তাদের অনেকের বিনা বেতনে কাজ করতে হচ্ছে। অনেকেই অনেক অসুবিধার মধ্যে প্রতিনিয়ত সংবাদপত্র চালু রাখতে কাজ করে যাচ্ছে। দুর্ভাগ্যজনক এই পরিস্থিতিতেও করোনা আক্রান্তদের জন্য কোনো সুনির্দিষ্ট চিকিত্সা কেন্দ্র স্থাপন করা হয়নি। এই অবস্থায় সাংবাদিকদের আর্থিক প্রণোদনার ব্যবস্থাসহ অন্য বিষয়গুলো কার্যকর করতে এগিয়ে আসার জন্য তিনি তথ্যমন্ত্রীর প্রতি পুনর্বার অনুরোধ জানান।

মোহাম্মদ নাসিম বলেন, এখন এদেশে অনেক করপোরেট হাউজ এবং শিল্পগোষ্ঠী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মালিক ও সম্পাদক। এরা যদি সম্মিলিতভাবে কর্মরত সাংবাদিকদের জন্য আপত্কালীন আর্থিক তহবিল গঠন করে এবং প্রয়োজনীয় চিকিত্সার জন্য সুনির্দিষ্ট যেকোনো বেসরকারি হাসপাতালের ব্যবস্থা করে, তাহলে আমি বিশ্বাস করি এই দুঃসময়ে সাংবাদিকরা আরো উত্সাহ-উদ্দীপনা ও শক্ত মনোভাব নিয়ে করোনাবিরোধী যুদ্ধে দেশ ও জনগণের পাশে থাকবে।