ভ্যাকসিন ছাড়াই বিদায় নেবে করোনা ভাইরাস :ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভ্যাকসিন ছাড়াই করোনা ভাইরাস বিদায় নেবে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউজে কার্যকর ভ্যাকসিন নিয়ে আলোচনাকালে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন। তবে হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্সের শীর্ষ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি তার মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের পুতুল বলে উল্লেখ করেছেন।—খবর ওয়াশিংটন পোস্টের

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি করোনা ভাইরাসের পরীক্ষাকে যেভাবে দেখি, ভ্যাকসিনকেও সেভাবে দেখি। তিনি বলেন, এটা ভ্যাকসিন ছাড়াই বিদায় নিচ্ছে এবং আমরা হয়তো নির্দিষ্ট সময় পর আর এই ভাইরাসকে দেখতে পাব না। তিনি চিকিত্সকদের বরাত দিয়ে বলেন, তারা আমাকে বলেছেন, করোনা ভাইরাস বিদায় নিচ্ছে। কারণ এরকম ভাইরাস আসে, আবার চলে যায়। অনেক ভাইরাসের তো ভ্যাকসিন তৈরিই সম্ভব হয়নি। এই ভাইরাসকে আর কখনো দেখা যাবে না। মানুষ যেমন মারা যাচ্ছে, ঠিক তেমনি ভাইরাসও মারা যাবে। তবে এর মানে এই নয় যে এই বছরই বিদায় নেবে। ট্রাম্প বলেন, কিন্তু ভ্যাকসিন আসলে আমাদের জন্য উপকার হবে। তবে তার করোনা টাস্কফোর্সের শীর্ষ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেন, ভ্যাকসিন ছাড়া এটা যাবে না। 

প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের পুতুল উল্লেখ করে বলেন, চীন যা করে তাই সঠিক মনে করে সংস্থাটি। আমরা তাদের প্রতি বছর ৫০০ মিলিয়ন ডলার (৪ হাজার ২৪৯ কোটি ৭২ লাখ ৫৫ হাজার টাকা) দিই। আর চীন তাদের মাত্র ৩৮ মিলিয়ন ডলার (৩২২ কোটি ৯৭ লাখের বেশি) দেয়।