অনলাইনেই পালিত হলো বিশ্ব পরিযায়ী পাখি দিবস

করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব থাকায় দেশে প্রথমবারের মতো অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশে শিক্ষার্থীদের নিয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হলো ‘বিশ্ব পরিযায়ী পাখি দিবস ২০২০’। এ বছর দিবসটির স্লোগান হলো ‘বার্ডস কানেক্ট আওয়ার ওয়ার্ল্ড’।

ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয় নেচার কনজারভেশন ক্লাব এর আয়োজনে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও নেচার কনজারভেশন সোসাইটির সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নিয়ামুল নাসের।

ফেসবুককে শিক্ষামূলক কাজে ব্যবহার আর লকডাউনের সময় বাড়িতে বসে নিরাপদে নিজের হাতের কাছে থাকা ইনসট্রুমেন্টগুলোর ব্যবহার আর প্রকৃতির সঙ্গে কিছু সময় অতিবাহিত করার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানে অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনও করা হয়। অনুষ্ঠানের মূল বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. ফিরোজ জামান ও সাবেক উপপ্রধান বন সংরক্ষক- ড. তপন কুমার দে।

উল্লেখ্য, পাখিদের মধ্যে একটি গ্রুপ পরিযায়ী পাখি নামে পরিচিত। যারা এক অঞ্চল থেকে অন্য অঞ্চল, এক দেশ থেকে অন্য দেশ এমনকি এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ঋতু ও কাল ভেদে পরিযান করে। পরিবেশের ভারসাম্য বজায়সহ প্রতিবেশ ব্যবস্থাপনায় আছে তাদের গুরুত্বপূর্ণ অবদান। বর্তমানে বিভিন্ন কারণে এই পরিযায়ী পাখিরা হুমকির মুখে। তাদের নিয়েই ভিন্নধর্মী এই আয়োজন করা হয়েছে।