খাগড়াছড়িতে বৃদ্ধ বাবাকে হত্যা ছেলে গ্রেফতার

খাগড়াছড়িতে নিজের ছেলে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বাবাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে জেলা সদরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টাকার জন্য প্রায়ই বৃদ্ধ বাবা আলেফ খানকে (৬৭) মারধর করত সন্তান জাহাঙ্গীর আলম খান। শুক্রবার রাতেও টাকার জন্য কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে মারধর করে গলা চেপে ধরে। এ সময় শ্বাসরোধ হয়ে আলেফ খানের মৃত্যু হয় বলে পরিবারের সদস্যদের অভিযোগ। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে গভীর রাতে ঘাতক সন্তান জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।

নিহত আলেফ খান জনতা ব্যাংক থেকে অবসরে গিয়ে খণ্ডকালীন হিসাবে একটি বিদ্যালয়ে হিসাবরক্ষকের দায়িত্বে ছিলেন। গ্রেফতার হওয়া জাহাঙ্গীর আলম মাটিরাঙ্গা পৌরসভার কার্য সহকারী।