প্রথম কার্গো ফ্লাইট পরিচালনা করল ইউএস-বাংলা

ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে প্রথম কার্গো ফ্লাইট পরিচালনা করল ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠার পর থেকে ইউএস-বাংলার অনেক সফলতার মধ্যে কার্গো ফ্লাইট পরিচালনা বাংলাদেশের এভিয়েশনের একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। ঢাকা থেকে রপ্তানিযোগ্য পণ্য নিয়ে ইউএস-বাংলার বিএস-২১৩ কার্গো ফ্লাইটটি শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং ব্যাংককের সূবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর ১:০০ টায় অবতরণ করে। ব্যাংকক থেকে বিএস-২১৪ কার্গো ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে উড্ডয়ন করে বিকাল ৫টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কার্গো ফ্লাইটটি অবতরণ করে।

প্রতিষ্ঠার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত সুনামের সঙ্গে প্যাসেঞ্জার ফ্লাইট পরিচালনা করে আসছে ইউএস-বাংলা। বর্তমানে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশের আকাশপথের পরিবহন যোগাযোগব্যবস্থা চরমভাবে বিঘ্নিত। একমাত্র ইউএস-বাংলার একটি মাত্র প্যাসেঞ্জার ফ্লাইট সপ্তাহের প্রতি শনিবার ঢাকা-গুয়াংজু রুটে পরিচালনা করছে। করোনা দুর্যোগে দেশের আমদানি-রপ্তানিকে সচল রাখার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স সরকারের কাছে কার্গো ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি প্রার্থনা করে এবং সার্বিক বিষয় পর্যালোচনা করে ইউএস-বাংলাকে এপ্রিলের প্রথম সপ্তাহে কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বর্তমান অবস্থায় বিভিন্ন দেশ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে মহামারি করোনা ভাইরাসের সময়কালীন স্বাস্থ্যসেবাকে সচল রাখার জন্য চিকিত্সকদের জন্য প্রয়োজনীয় চিকিত্সাসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আমদানি করা যাবে। এছাড়া জরুরি রপ্তানি পণ্যসামগ্রী বিশেষ করে গার্মেন্টস পণ্য, পচনশীল দ্রব্য শাক-সবজি ইত্যাদি বিদেশে রপ্তানিতে ভূমিকা রাখবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বাংলাদেশের সঙ্গে কার্গো পরিবহনে যেসব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি আছে ইউএস-বাংলা এয়ারলাইন্স সেসব দেশে কার্গো পরিবহন করতে পারবে। প্রাথমিকভাবে এশিয়ার দেশগুলোতে বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, সৌদি আরব, থাইল্যান্ড, ভারত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে কার্গো পরিবহনের পরিকল্পনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।